বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার বিষয়বস্তু: বাংলাদেশের মাধ্যমিক স্তরের গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যক্রম পর্যালোচনা

Author: Mahbuba Farhana Naznin Lutfe

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04060012

Abstract(সারসংক্ষেপ): এই গুণগত গবেষণার লক্ষ্য বাংলাদেশের মাধ্যমিক স্তরের গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যপুস্তকের বয়সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার বিষয়বস্তুর পর্যাপ্ততা ও অপর্যাপ্ততা অনুসন্ধান করা। এই লক্ষ্যকে সামনে রেখে সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালার সাথে বিদ্যমান পাঠ্যক্রমের সামঞ্জস্যতা ও অসামঞ্জস্যতা খুঁজে বের করা হয়েছে। এই গবেষণায় উপাত্তের প্রাথমিক উৎস হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণী পর্যন্ত মোট চারটি গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যপুস্তক ব্যবহার করা হয়েছে। সহায়ক তথ্য নেওয়া হয়েছে প্রাসঙ্গিক বই ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিবেদন এবং জাতীয় কৌশলপত্র মিলিয়ে মোট ছয়টি দলিল থেকে। পাঠ বিশ্লেষণ পদ্ধতিতে প্রাথমিক ও সহায়ক উৎস থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে, পাঠ্যপুস্তকে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার বুলিংয়ের মতো আধুনিক চ্যালেঞ্জগুলো উপেক্ষিত। পাঠ্যপুস্তকে বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনের প্রাথমিক তথ্য থাকলেও যৌন ও প্রজনন স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং প্রজননতন্ত্রের সংক্রমণের মতো জরুরি বিষয়গুলো অনুপস্থিত। পাঠ্যক্রমটি অতিরিক্ত তাত্ত্বিক ও তথ্যনির্ভর; বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বাস্থ্য সচেতনতা চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক নির্দেশনার অভাব রয়েছে। শিশুদের ওপর যৌন নিপীড়ন রোধে ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ এবং ‘পার্সোনাল বাউন্ডারি’ রক্ষার মতো অতি প্রয়োজনীয় জীবনমুখী শিক্ষার পর্যাপ্ত প্রতিফলন নেই। বয়ঃসন্ধিকালীন সাধারণ পুষ্টির আলোচনা থাকলেও বর্তমান সময়ের জাঙ্ক ফুড আসক্তি, স্থূলতা এবং অ্যানোরেক্সিয়ার মতো আধুনিক স্বাস্থ্য ঝুঁকিগুলো বিশদভাবে আলোচিত হয়নি। অর্থাৎ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিশু এবং স্বাস্থ্য সুরক্ষা নীতিমালার লক্ষ্যমাত্রার সাথে বর্তমান পাঠ্যক্রমের বিষয়বস্তুর পূর্ণ সমন্বয় ঘটেনি। এই ফলাফল জীবন দক্ষতার প্রায়োগিক দিকগুলো পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নির্দেশ করে, যা জাতীয় স্বাস্থ্য নীতি ও এসডিজি অর্জনে সহায়ক হতে পারে।

Keywords(মূল শব্দ): বয়ঃসন্ধিকাল; স্বাস্থ্য শিক্ষা; মাধ্যমিক স্তর; গার্হস্থ্য বিজ্ঞান; পাঠ্যপুস্তক; বিষয়বস্তু।

Page No: 97-108